চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে আগামী ২৫ এপ্রিল নির্ধারিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর আপাতত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে সফরটি সম্পন্ন করা হবে।
এ ব্যাপারে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখনুন মুহাম্মদ বাবুনগরী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত এই সফর আপাতত স্থগিত করা হয়েছে।
এর আগে আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করার কথা ছিল। এ সফরকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছিল।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো দাপ্তরিক নির্দেশনা পাওয়া যায়নি।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন এবং সফর স্থগিত – দুটো বিষয়েই আমাদের দপ্তরে এখনো কোনো দাপ্তরিক চিঠি আসেনি। তবে বিষয়টি শুনেছি।
সফরটি স্থগিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে কিছুটা হতাশা দেখা দিলেও নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
পূর্বতারা/ইউডি/ জুনায়েদ