ঈদের ছুটির আগেই চট্টগ্রাম নগরের বিনোদনকেন্দ্রগুলোতে চলছে তৎপর প্রস্তুতি। ফয়’স লেক, পতেঙ্গা সৈকত, সি ওয়ার্ল্ড ওয়াটার পার্ক, বেইসক্যাম্প ও ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে পরিবার ও শিশুদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।
ফয়’স লেক এলাকার চিড়িয়াখানা শিশুদের অন্যতম আকর্ষণ। এখানে বেঙ্গল টাইগার, সাদা বাঘ, কুমির, সিংহ, কেংগারু, জেব্রা, জলহস্তি, নানা প্রজাতির পাখি সহ মোট ৫২০টি প্রাণী রয়েছে। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, ঈদে প্রায় ৭০ হাজার দর্শক চিড়িয়াখানায় আসার সম্ভাবনা রয়েছে। টিকেটের মূল্য জনপ্রতি ৭০ টাকা। এছাড়া চিড়িয়াখানার সীমানা সম্প্রসারণের কাজ শেষ হলে দর্শকসংখ্যা আরও বৃদ্ধি পাবে।
ফয়’স লেক কমপ্লেক্সের অ্যামিউজমেন্ট পার্কে থাকছে রাইড টর্নেডো ৩৬০ ডিগ্রি, এয়ারবোর্ন শট, ফ্লাইং বাস, স্কাই হুপার, হ্যাপি কেংগারু, সান-মুন, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, ফেইরিস হুইল ও শিশুদের জন্য হ্যাপি জাম্প, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন ইত্যাদি। লেক ভ্রমণের জন্য রয়েছে ইঞ্জিন সংযোজিত নৌকা, প্যাডেল বোট ও কাওয়া কিং।
সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কে ওয়েভ পুল, ফ্যামিলি পুল, মাল্টি স্লাইড, ডোম স্লাইড, ড্যানসিং জোন ও চিলড্রেন জোনের মতো ওয়াটার রাইডস শিশু ও কিশোরদের জন্য প্রস্তুত। বেইসক্যাম্পে রয়েছে আর্চারি, ক্লাইম্বিং ওয়াল ও ট্রি টপ অ্যাক্টিভিটি।
ঈদে নগরীর সবচেয়ে বেশি ভিড় হয় পতেঙ্গা সমুদ্র সৈকতে। ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. হাসান ইমাম জানান, পর্যটকদের নিরাপদে বিনোদন উপভোগের জন্য পুলিশের পাশাপাশি স্থানীয় থানা, র্যাব ও ডিএসবি দায়িত্ব পালন করবে। এছাড়া পতেঙ্গা সৈকতের হেল্প ডেস্ক ও মোবাইল টিম পর্যটকদের সহায়তায় থাকবে।
পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে চট্টগ্রামের এই কেন্দ্রগুলো এবারও দর্শকপ্রিয় গন্তব্য হতে চলেছে। নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের জন্য নগরের এই বিনোদনকেন্দ্রগুলোতে প্রস্তুতি শেষ পর্যায়ে।