বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে পিউরিয়া ফুড ও কে বেকারিতে গুরুতর অনিয়ম, ১৭ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:৩৮

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড ও কে বেকারিকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগরের বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে এ জরিমানা আদায় করা হয়।

পিউরিয়া ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, পচা ও পোকাযুক্ত ডিম, ফ্রিজে জমে থাকা রক্ত-মাংসের উচ্ছিষ্ট, মিষ্টিজাতীয় খাদ্যে পোকা-মাছি এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানা, অসম্পূর্ণ লেবেলিং ও উৎপাদনের তারিখে কারসাজির প্রমাণ পাওয়া গেছে। এর জন্য ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান থেকে জব্দ করা ১২০ কেজি অনুপযোগী মিষ্টিজাতীয় খাদ্য ধ্বংস করা হয়, এবং মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

এদিকে খুলশীর কে বেকারিতে অভিযান চালিয়ে দধি তৈরিতে নোংরা পাত্র ব্যবহার, মেয়াদবিহীন রঙ ও স্পিড ক্যান সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদের মতো অনিয়ম ধরা পড়ে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও