বুধবার, ১৭ জুন ২০২৬

গণশুনানিতে সহায়তার হাত বাড়াল জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৪২

চট্টগ্রাম জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক সংকটসহ নানা সমস্যায় সহায়তা পেয়েছেন অসহায় মানুষ। বুধবার (১১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ গণশুনানিতে বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশীদের কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকা থেকে আসা মোট ৬২ জন সেবাপ্রত্যাশীর আবেদন শোনা হয়। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১২ জনকে চিকিৎসা সহায়তা, এক শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা এবং দুইজন বাবাকে মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া একজন প্রতিবন্ধী ব্যক্তিকে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। পাশাপাশি ৩৪ জন দুস্থ নারী-পুরুষের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ, মরিচ, হলুদ ও ধনিয়া গুঁড়াসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

গণশুনানিতে আসা বেশ কয়েকজন আবেদনকারী জানান, জেলা প্রশাসনের এই উদ্যোগ তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি করেছে। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান বা সহায়তা পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।

গণশুনানিতে উত্থাপিত কিছু আবেদন ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

ভিডিও