চট্টগ্রাম প্রেস ক্লাব পরিচালনা নিয়ে চলমান সংকট গঠনতান্ত্রিক বিধিবিধানের মধ্য দিয়েই সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে নিয়মের মধ্যেই পরিচালিত করতে হবে এবং উদ্ভূত সমস্যা নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান করা হবে।
বুধবার (৪ মার্চ) বিকেল সোয়া তিনটায় চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।
মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম প্রেস ক্লাব একটি প্রতিষ্ঠান। নিয়মকানুন নিয়ে তর্ক-বিতর্ক হতে পারে, তবে তা নিয়মের মধ্যেই সমাধান করতে হবে। পরিচালনায় যে ব্যত্যয় ঘটেছে তা চিহ্নিত করে সমাধান করা হবে।’
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি চট্টগ্রামের প্রবীণ রাজনৈতিক নেতা ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে পরামর্শ করবেন এবং সাংবাদিকদের মধ্য থেকে গ্রহণযোগ্য প্রতিনিধিদলকে ঢাকায় ডেকে সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন।
রাষ্ট্র পরিচালনায় প্রাতিষ্ঠানিক কাঠামোর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যখন কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেড়ে যায়, তখন সেটি আর প্রতিষ্ঠান থাকে না। আমাদের লক্ষ্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।’
তিনি দাবি করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সে লক্ষ্যে কাজ চলছে।’
এর আগে স্বাগত বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘মব সৃষ্টির’ মাধ্যমে প্রেস ক্লাব দখল করা হয়। পরে তথ্য মন্ত্রণালয়ের একটি চিঠির মাধ্যমে নির্বাচিত কমিটি ভেঙে অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। তিনি দাবি করেন, ‘অপেশাদার ও মামলার আসামি ব্যক্তিদের সদস্যপদ দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে ক্লাবে অনিয়ম চলছে।’
তিনি গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানান।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘প্রেস ক্লাবকে জিম্মিদশা থেকে মুক্ত করে পেশাদার সাংবাদিকদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সিইউজের তালাবদ্ধ কার্যালয় খুলে দিতে হবে।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকরা।
সভায় বক্তারা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন ও স্বচ্ছ ব্যবস্থাপনার দাবি জানালেও তথ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সব পক্ষের মতামত নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংকটের সমাধান করা হবে।