,

 

পতেঙ্গায় তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 6 August 2026, 08:23

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় পোড়া তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সবচেয়ে বেশি ৬০ হাজার টাকা জরিমানা করা হয় হোটেল পতেঙ্গাকে। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাবার প্রস্তুত, বাসি গ্রিল, কাঁচা মাছ ও মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে চাটগাঁও রান্নাঘরকে ১০ হাজার টাকা এবং ফ্রিজে অপরিচ্ছন্নভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠান পোড়া তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ বা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিডিও