বুধবার, ১৭ জুন ২০২৬

সাংবাদিক আইয়ুব আলী মারা গেছেন, সিইউজের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ০৪:০১

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আইয়ুব আলী (৫৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক নেতা আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী মো. আইয়ুব আলী দীর্ঘদিন সিইউজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মঙ্গলবার (৩ মার্চ) সিইউজে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সাহসী ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারাল।

মরহুমের জানাজা নামাজ পটিয়া উপজেলার শোঠভদণ্ডী এলাকায় অবস্থিত আবহানা ইমতিয়াজ মোল্লা জামে মসজিদে মঙ্গলবার বাদ যোহর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আইয়ুব আলী চট্টগ্রাম প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, ডেইলি ইন্ডাস্ট্রির চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম আইয়ুব আলী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ভিডিও