চট্টগ্রাম নগরীর ঈদগাঁও এলাকায় আপন ভাইয়ের হাতে বোন খুনের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাতে ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারী ওই সময় তারাবির নামাজ আদায় করছিলেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই নিহতের ভাই মো. জানে আলমকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আটক ব্যক্তির হাত ও শরীরে রক্তের চিহ্ন রয়েছে। ভিডিওতে তাকে হত্যার সঙ্গে জড়িত নন বলে দাবি করতেও শোনা যায়।
স্থানীয়রা জানান, টাকার লোভেই ওই ব্যক্তি তার বোনকে নৃশংসভাবে হত্যা করেছেন। ঘটনার পর বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।