বুধবার, ১৭ জুন ২০২৬

চবিসাসের ভোট মঙ্গলবার, ৮ পদে লড়ছেন ১৪ প্রার্থী

চবি প্রতিনিধি

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ১০:৩৯

আগামী মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২০২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। এবার ৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪ জন প্রার্থী। রোববার (১ মার্চ) বিকেল তিনটায় নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ক্যাম্পাস প্রতিবেদক রেদওয়ান আহমদ এবং যুগান্তরের প্রতিবেদক রেফায়েত উল্ল্যাহ। সহ-সভাপতি পদে লড়ছেন দেশ রূপান্তরের প্রতিবেদক আজিম সাগর ও আমার দেশের আতিকুর রহমান।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক সোহেল রানা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টের ক্যাম্পাস প্রতিবেদক মুনতাজ আলী।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে লড়ছেন ডেইলি অবজার্ভারের ক্যাম্পাস প্রতিবেদক জাহিদুল হক এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের গোলাম রাব্বি। অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঢাকা ডায়েরির প্রতিবেদক মহসিন ও সারওয়ার হোসেন।

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্টার নিউজের এম. মিজানুর রহমান ও এনটিভির প্রতিবেদক ফুয়াদ মন্ডল। নির্বাহী সদস্য পদে লড়ছেন দৈনিক আজাদীর প্রতিবেদক শামীম হোসাইন ও নাজমুল হাসান রাবি।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। তফসিল অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে প্রচারণা শেষ মুহূর্তে পৌঁছেছে।

ভিডিও