স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, নষ্ট ফ্রিজে সংরক্ষিত খাদ্যদ্রব্য— এমন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন প্রস্তুতের প্রমাণ মিলেছে চট্টগ্রাম নগরীর মুরাদপুরের বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারিতে। ফ্রিজের ভেতর তেলাপোকা-ছারপোকার প্রাদুর্ভাব এবং খাদ্য প্রস্তুতস্থলে বিড়ালের উপস্থিতিও দেখা যায়। স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, পরিদর্শনে দেখা গেছে প্রতিষ্ঠানের ফ্লোর স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন, খাবার সংরক্ষণের ফ্রিজ নষ্ট এবং তাতে তেলাপোকা-ছারপোকার প্রাদুর্ভাব রয়েছে। পাশাপাশি খাদ্য প্রস্তুত ও সংরক্ষণস্থলে বিড়ালের উপস্থিতি পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ৩৮ ধারায় বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা জানান, প্রতিষ্ঠানটিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্য উৎপাদন, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণে অবহেলা, খাদ্যপণ্য (ঘি)–এর অসম্পূর্ণ লেবেলিং এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করাসহ নানা অনিয়ম পাওয়া যায়।
এ ছাড়া নগরীর পাঁচলাইশ এলাকায় একটি মিঠাই আউটলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মোড়কজাত ও সংরক্ষণ, খাদ্যদ্রব্যে অসম্পূর্ণ লেবেলিংসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং পাঁচলাইশ থানা পুলিশ উপস্থিত ছিলেন।