চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে সজাগ দৃষ্টি রেখেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। দুর্ঘটনার পর থেকে আহতদের সেবা দিতে নিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা। সেইসাথে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দগ্ধদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি। এ সময় চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এই সাংসদ।
দগ্ধদের ঘটনায় সাঈদ আল নোমান বলেন, হালিশহরের এই মর্মান্তিক ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা-সহায়তাও দেওয়া হবে।
পরিদর্শন শেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে এভাবে এগিয়ে আসায় সাঈদ আল নোমানের প্রতি ধন্যবাদ জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন। তিনি বলেন, তিনি (সাঈদ আল নোমান) গতকাল থেকে আমাদের সাথে রেগুলার যোগাযোগ করেছেন। তিনি সর্বাক্ষণিক রোগীদের চিকিৎসার বিষয়ে তৎপর রয়েছেন।
উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট নয়জন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন।
নিহতরা হলেন- নুর জাহান আক্তার রানী (৪০), সামির আহমেদ সুমন (৪০) ও শাওন (১৬)। এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), শিপন (৩০), আনাস (৭), আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)। তাদের মধ্যে পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে।