চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা ৪৫ মিনিটের দিকে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।
জানা গেছে, আটক যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবিব চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে দেশে ফেরেন। ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত পণ্য বহন করায় সেগুলো জব্দ করে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমসের যৌথ অভিযানে ২৭০ কার্টুন বিদেশি সিগারেট (মন্ড) এবং ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে ৫টি আইফোন ও ১০টি গুগল পিক্সেল রয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা।