বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ করল সিইউজে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শুক্রবার দিনগত রাত ১২টা ১মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটির নেতৃবৃন্দ শহীদদের স্মরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, সহ-সভাপতি সাইদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. সরোয়ার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম এবং সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা।

শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘মহান একুশ আমাদের মাতৃভাষাভিত্তিক জাতীয়তাবাদের চেতনা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের সংগ্রাম একটি অসাম্প্রদায়িক ও কল্যাণরাষ্ট্র গঠনের স্বপ্নকে জাগ্রত করে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সেই চেতনাই ধারণ করতে হবে।’

তিনি ভাষা আন্দোলনে গণমাধ্যমের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে প্রভাতফেরির গান রচনা ও সুরারোপে আব্দুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদের অবদানের কথাও তুলে ধরেন।

সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ‘একুশের চেতনা বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার অমর প্রেরণা। ভাষা শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র, মানবিকতা ও সাম্যের চর্চাকে এগিয়ে নেওয়ার পথ দেখায়।’

তিনি বলেন, ‘পৃথিবীতে ভাষার জন্য প্রাণ বিসর্জনের অনন্য নজির বাংলাদেশেরই; তাই ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজ সবসময় সোচ্চার থাকবে।’

ভিডিও