চট্টগ্রামের ১৬ আসনে গড়ে ৪১.৭৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এম বশির আহমেদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া তিনটার দিকে তিনি এ তথ্য জানান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোট পড়েছে ৪৯ শতাংশ, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৩১ শতাংশ, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৪০ শতাংশ, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে ৪৭ শতাংশ, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৩২ শতাংশ, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৩৯ শতাংশ, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৪৭ শতাংশ এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ৪১ শতাংশ ভোট পড়েছে।
এছাড়া চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ভোট পড়েছে ৩৬ শতাংশ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে ৩৫ শতাংশ, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৩১ শতাংশ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৪৯ শতাংশ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী ) আসনে ৪৫ শতাংশ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৪৯ শতাংশ, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৫২ শতাংশ এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৪৫ শতাংশ ভোট পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে।
কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইন ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আনসার ও পুলিশ সদস্যরা তাদেরকে ভোট প্রদানে সহযোগিতা করছেন।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৮৬৫। এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৫২৯ জন। সেই হিসেবে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে।
নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানিয়ে তিনি জানান বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা আরও বাড়বে।