রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মনোনয়নের বৈধতা পেয়ে নির্বাচনে সরোয়ার আলমগীর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৯

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি এ আদেশ দেন আদালত।

প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে সারোয়ার আলমগীরের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদেশের পর সারোয়ার আলমগীরের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, মনোনয়ন বাতিলের ইসির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট সারোয়ার আলমগীরকে দলীয় প্রতীক (ধানের শীষ) বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। ফলে তাঁর নির্বাচনে অংশ নিতে আইনগত বাধা নেই।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে ইসিতে আপিল দায়ের করেছিলেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।

শুনানি নিয়ে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে। তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। এর বৈধতা নিয়ে প্রার্থিতা ফিরে পেতে সারোয়ার আলমগীর ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন।

নির্বাচন কমিশনের আইনজীবী মো. রাজু মিয়া বলেন, হাইকোর্ট রুল, স্থগিতাদেশ ও নির্দেশ দিয়েছেন। ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করতে পারবেন। আদেশের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। ইসি পরবর্তী করণীয় ঠিক করবেন।

ভিডিও