রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে বিএনপির জনসভায় ১৮টি মাইক ও তার চুরি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৭

চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা থাকলেও পলোগ্রাউন্ড এলাকায় চুরির ঘটনা ঘটেছে। সমাবেশস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক এবং পাঁচ কয়েল তার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি ধরা পড়লে ভুক্তভোগী সাউন্ড সিস্টেম ব্যবসায়ী আবদুর রাজ্জাক কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করেন।

তিনি জানান, জনসভা উপলক্ষে প্রায় ২০০ মাইক স্থাপন করা হয়েছিল। শনিবার রাত ১০টার দিকে সর্বশেষ লাইন চেকের পর কর্মীরা চলে যান। সকালে পুনরায় সাউন্ড চেক করতে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটির ১৫-১৬ ফুট উঁচুতে লাগানো মাইক ইউনিট ও তার নেই।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল এবং এলাকায় বিভিন্ন নিষেধাজ্ঞাও ছিল। এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে চুরি হলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, আমি তারেক সাহেবের প্রটোকলে ছিলাম। মাইক চুরির বিষয়টি আমার জানা নেই।

প্রসঙ্গত, দীর্ঘ ২ দশক পর আজ চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে এসে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মঞ্চে ওঠেন। এর আগে গতকাল রাত ৮টায় চট্টগ্রামে আসেন তারেক রহমান। তার নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কিছু রাস্তায় শনিবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ভিডিও