চট্টগ্রামে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে যাওয়া মিছিলের ভিডিও করার সময় সাইদুল ইসলাম চিশতী (১৪) নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
বেলা আনুমানিক ১০ টার সময় এনায়েত বাজার হল টুয়েন্টি ফোর কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তার বাড়ি নগরীর এনায়েত বাজার ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন এলাকায়।
সংশ্লিষ্ট নেতাকর্মীরা বলছেন, স্থানীয় হল টুয়েন্টি ফোর কমিউনিটি সেন্টারের সামনে থেকে পলোগ্রাউন্ডের উদ্দেশ্যে ছাত্রদলের মিছিল যাচ্ছিল। এসময় মিছিলের সামনে থেকে হেঁটে হেঁটে চিশতী ভিডিও ধারণ করছিল। হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। এমন সময় তাকে কোলে করে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।
এ ব্যাপারে এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক বলেন, আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম হল টুয়েন্টি ফোরের সামনে থেকে। চিশতী ভিডিও করছিল। আমরা মিছিলটি শুরু করে কিছুদূর গিয়েছি মাত্র। আমাদের সামনেই চিশতী মাথা ঘুরে পড়ে যায়। ছাত্রদলের নেতাকর্মীরা টেম্পোতে করে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছেন। তারা বলছেন, ছেলেটা হিট স্ট্রোক করে মারা গেছে। বড় ভাল ছেলে ছিল। বিএনপির জন্য সে একেবারে পাগল ছিল। সে স্ট্রোক করে মারা গেছে। অন্য কোন দুর্ঘটনায় মারা যায়নি।
সাইদুল ইসলাম চিশতী পাঠানটুলীস্থ এলাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতেন বলে জানা গেছে।