কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার হত্যার অভিযোগ তুলেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) পৌরসভার বিজিবি ক্যাম্প পশ্চিম পাড়াস্থ বাড়ির অদূরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা কালু বড়ুয়া বলেন, শনিবার রাত ১২টার দিকে বাড়ির সামনে থেকে রহিদকে কয়েকজন ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল। সোমবার ভোরে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ির তেতুলিয়া গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
কালু বড়ুয়ার অভিযোগ, ফেসবুকে রহিদের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তিন মাস আগে স্থানীয় একজনের সঙ্গে বিবাদ সৃষ্টি হয়। এই ঘটনার পর মুচলেকা দিয়ে চট্টগ্রাম চলে যায় রহিদ। পরে বাড়িতে এলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।