রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতার গাড়িতে হামলা

অলি আহমদের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯

বিএনপির প্রার্থীর নির্বাচন সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি নেতা এম এ হাশেম রাজু গত ১১ জানুয়ারি রাতে এ অভিযোগ করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, গত ২-৩ দিন আগে অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানায় যে কেউ অভিযোগ দিতে পারেন। আমরা অভিযোগটি তদন্ত করছি। তথ্যপ্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে এম এ হাশেম রাজু কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে দলীয় কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে ফেরার পথে রাত ১১টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাস বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে।

লিখিত অভিযোগে এলডিপি সভাপতি অলি আহমদসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। বলা হয়, অভিযুক্তরা সবাই লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এলডিপি সভাপতি অলি আহমদের নির্দেশেই দলটির নেতা-কর্মীরা ওই হামলা চালায়।

ভিডিও