চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় পলাতক আসামি শ্রী গণেশকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-৭। রবিবার (১১ জানুয়ারি) সকালে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, শনিবার সন্ধ্যায় নগরীর কোতয়ালি থানাধীন লালদীঘীর জেলা পরিষদ সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে গণেশকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর কোতয়ালি থানাধীন সেবক কলোনির শরিফ দাসের ছেলে।
আলিফ হত্যা মামলার আইনজীবী ও চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত অন্যতম আসামি শ্রীগণেশকে র্যাব গ্রেফতার করেছে। এই মামলায় মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ১৬ জন আসামি পলাতক রয়েছে।
র্যাব ও মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে প্রথমে ৩১ জনের নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। তদন্তে তিনজনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয় এবং নতুন করে আরও ১০ জনকে আসামি হিসেবে যুক্ত করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।