রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

এবার ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪

ভারতে থাকা বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে সেদেশের নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করেছে ঢাকা।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে বিবিসি বাংলা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। কলকাতা ছাড়াও মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত উপদূতাবাস একই কাজ করছে বলে জানা গেছে।

এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দফতর থেকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল।

এখন শুধুমাত্র গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ড হাই কমিশনারের দফতর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকল।

এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা না হলেও বুধবার থেকে যে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে তা নিশ্চিত করেছে ।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করলেও বাণিজ্যিক ভিসা সহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক ধারাবাহিকভাবে খারাপ হতে শুরু করে। মূলত ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে গুজব ও মিথ্যা তথ্য, ভারতের হিন্দুত্ববাদীদের আক্রমণসহ নানান কারণে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। যার জের ধরে সম্প্রতি বাংলাদেশে থাকা চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয়।

একাধিকবার ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভও হয়। ফলে ভারতও বাংলাদেশিদের জন্য দীর্ঘ সময় সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছিল। পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয় যে মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না।

গত ডিসেম্বরে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে আক্রমণ করে ভারতীয়রা। গত বুধবারও ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের একেবারে সামনে এসে বিক্ষোভ করেছেন হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা-কর্মীরা।

বুধবার বিকেলে অফিস ছুটির পর কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই ভিএইচপির প্রায় দেড়শত নেতা-কর্মী এসে বাংলাদেশবিরোধী স্লোগান দিয়ে মিশনের প্রায় ৩০ মিটারের কাছে চলে আসেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ভিএইচপির সমর্থকদের ধস্তাধস্তি হয়েছে।

এই ঘটনার পরপরই বুধবার মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশন থেকে ভিসা সেবা বন্ধ করা হয়।

ভারতে বাংলাদেশের তিনটি মিশনে (কলকাতা, মুম্বাই ও চেন্নাই) ভিসা ইস্যু বন্ধের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখান থেকে আমরা আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলেছি। এটা নিরাপত্তার জায়গা।

ভিডিও