সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে সিএমইউজের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:২৩

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজ)।

এক শোকবার্তায় সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অভিজ্ঞ, সংগ্রামী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। বহু উত্থান-পতনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন, আধিপত্যবাদবিরোধী সংগ্রাম, সংসদীয় রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাঁর নেতৃত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

বিবৃতিতে আরও বলা হয়, তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এ শোক কেবল একটি দলের নয়, বরং সমগ্র জাতির। মুক্ত গণমাধ্যমের চর্চা এবং চট্টগ্রামের সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিতকরণে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে সিএমইউজ।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও তাঁর অগণিত সহমর্মীর প্রতি গভীর সমবেদনা জানায়।

আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

ভিডিও