চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি গমবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়লেও তেলবাহী অন্য ট্যাঙ্কারটি অক্ষত রয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। সাগরে তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হলেও জাহাজ দুটির কার্গো সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে জানান তিনি। দুর্ঘটনাকবলিত জাহাজ দুটিই মার্স আইল্যান্ডের পতাকাবাহী।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর পরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ড দ্রুততম সময়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কান্ডারী-৮’ এরইমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ট্যাংকার জাহাজটি থেকে দ্রুততম সময়ে জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্টকে ফাটল মেরামত ও উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজের মাস্টারের সঙ্গে সার্বক্ষণিক ভিএইচএফ যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
প্রমঙ্গত, এমটি সি স্পাইক জাহাজটি শুক্রবার সকালেই সিঙ্গাপুর থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে বাংলাদেশে আসে। অন্যদিকে, এমভি সান শাইন জাহাজটি গত ১ আগস্ট ৫২ হাজার টন গম নিয়ে বাংলাদেশে আসে।