,

 

চুয়েটের সব পুকুর ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 13 August 2026, 04:21

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে ছাত্রকল্যাণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এক বিবৃতিতে এই ঘোষণা জারি করেছেন।

বিবৃতিতে তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা, সাঁতার কাটা বা প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

জারিকৃত এ নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় বিবৃতিতে।

গতকাল ১২ আগস্ট চুয়েটে কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে মারা যান কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অর্ণব দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। তারা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

একই পুকুরে গত ২৮ জুলাই মারা গেছেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা।

পূর্বতারা/ইউডি

ভিডিও