,

 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 10 August 2026, 11:12

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা গত বছর ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই উল্লেখযোগ্যভাবে কমেছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, পাসের হার কমে যাওয়ায় এবছর জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৮ জনে। অথচ গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিল ১১ হাজার ৮৪৩ জন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর বোর্ডে মোট পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী, যেখানে গত বছর পাসের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। বিভাগভিত্তিক ফলাফলের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ, যা গত বছর ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ, যা গত বছর ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ।

অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার নেমে এসেছে ৩৮ দশমিক ৭৯ শতাংশে, যা গত বছর ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ১৬৪টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।

বিভাগ অনুযায়ী বিজ্ঞানে ৩৫ হাজার ৯৮০ জন, মানবিকে ৪৩ হাজার ৯৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৭৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

পূর্বতারা/ইউডি

ভিডিও