,

 

‘একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না’

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : 2 July 2026, 08:16

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাবুছড়া ইউনিয়নের ধনপাতা এলাকায় জনসচেতনতামূলক আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৭ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে একটি পুশ-ইন চেষ্টাকেও আমরা সফল হতে দেব না। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবি নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে স্থানীয় শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে প্রায় শতাধিক পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

দুর্গম এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিডিও