মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইউসিবি ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ , ২৭ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০২:২০

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও ৭ জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলায় মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

আজ মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আদালত আগামী ১৩ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।


দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, আজ আদালতে দুদক পক্ষের ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এর আগে, গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান আদালতে এই অভিযোগপত্র জমা দেন।


মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), তাঁর স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬) ও রোকসানা জামান চৌধুরী (৫৬)। এছাড়া ইউসিবির সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীসহ ব্যাংকের বেশ কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা এই মামলার আসামি।

অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরবর্তীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে সেই টাকা তুলে হুণ্ডির সাহায্যে বিদেশে পাচার করেন এবং সম্পত্তি কেনেন।

২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিল দুদক। তদন্তে আরও ৭ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তদন্তকালে মূল ৩১ আসামির মধ্যে ইউসিবির সাবেক ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আব্দুল আউয়াল এবং জাবেদের কর্মচারী কাজী মোহাম্মদ দিলদার আলম মারা যাওয়ায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। মামলায় মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

পূর্বতারা /ইউডি

ভিডিও