বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা ও বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে শত শত সমর্থক রাঙামাটি শহরের শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়াম থেকে শোভাযাত্রা শুরু করেন।
পরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে করে আর্জেন্টিনার পতাকা হাতে তারা পুরো শহর প্রদক্ষিণ করেন এবং নানা স্লোগানে মুখর করে তোলেন এলাকা। শোভাযাত্রাজুড়ে ছিল উচ্ছ্বাস, গান ও বিশ্বকাপ জয়ের প্রত্যাশা।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক ইয়াছিন রানা সোহেল বলেন, এইবারের বিশ্বকাপও আর্জেন্টিনা জিতবে, এর কোনো বিকল্প দেখছি না।
ক্রীড়া সাংবাদিক ও সমর্থক দীপ্ত হান্নান বলেন, এইবারের বিশ্বকাপ জয়ের মাধ্যমে মেসি অমরত্ব লাভ করবে এবং আর্জেন্টিনা নতুন ইতিহাস সৃষ্টি করবে।
আরেক সমর্থক তুষার কান্তি দাশ বলেন, আর্জেন্টিনা এবার অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ঘরে তুলবে বলে আমরা বিশ্বাস করি।