নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জবাবদিহিমূলক পুলিশিংয়ের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনআস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।
মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ সুপার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। একটি নিরাপদ, স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশি সেবা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার বলেন, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাই জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে পুলিশি কার্যক্রম পরিচালনা করতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পরে এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণসহ জেলার বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জরা উপস্থিত ছিলেন।