পবিত্র ঈদুল আজহার দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে বাড়তি প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করতে ঈদগাহ মাঠে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকালে মেয়র জানান, ৬৫ হাজার বর্গফুট আয়তনের ঈদগাহ মাঠে বৃষ্টি ঠেকাতে সামিয়ানার ওপর অতিরিক্ত ত্রিপল লাগানো হয়েছে। পাশাপাশি মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, ঈদের নামাজে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
চসিক সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রামের প্রধান ও প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরের ৪১টি ওয়ার্ডেও একই সময়ে চসিকের তত্ত্বাবধানে ঈদ জামাত আয়োজন করা হবে।
প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় ঈদ জামাতে ২০ থেকে ২৫ হাজার মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে। বৃষ্টির কারণে মাঠে নামাজ আদায়ে সমস্যা হলে মসজিদের ভেতরেও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন মেয়র।
নিরাপত্তা ও ব্যবস্থাপনায় পর্যাপ্ত আলোকসজ্জা, মাইকিং ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা এবং প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক পথ তৈরি করা হয়েছে।
এদিকে ঈদের দিন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের পরিকল্পনাও নিয়েছে চসিক। সংস্থাটি জানিয়েছে, দুপুর ২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে নগরের পশুর বর্জ্য পরিষ্কার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।