সোমবার, ১৫ জুন ২০২৬

প্রক্সি শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮:০০

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ‘প্রক্সি শিক্ষক’ বা একজন শিক্ষকের পরিবর্তে অন্যজনের ক্লাস নেওয়ার প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (১১ মে) দুপুরে বান্দরবান সদরের রেইছা প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টার (পিটিআই) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিশেষ করে পার্বত্য অঞ্চলে প্রক্সি শিক্ষকের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো সুযোগ থাকবে না বলেও তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ের অনেক শিক্ষার্থী এখনো বাংলা ও গণিতের মতো মৌলিক বিষয়ে প্রত্যাশিত দক্ষতা অর্জন করতে পারছে না। শিক্ষকরা যদি শিক্ষকতাকে শুধু চাকরি হিসেবে না দেখে দায়িত্ব হিসেবে গ্রহণ করেন, তাহলে শিক্ষার মানে বড় পরিবর্তন আসবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা হবে।

পরিদর্শন শেষে তিনি এক মতবিনিময় সভায় অংশ নেন এবং প্রশিক্ষণরত শিক্ষকদের বিভিন্ন সমস্যা শোনেন। এর আগে তিনি কয়েকটি বিদ্যালয় পরিদর্শন ও তদারকি করেন।

সফরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পিটিআই পরিচালক ফজলুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, মো. মঈন উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিডিও