শনিবার, ২০ জুন ২০২৬

নারীদের সুরক্ষায় ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ চালুর পরিকল্পনা সিএমপির

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ মে ২০২৬, ১০:২৪

অনলাইন হয়রানি ও সাইবার অপরাধ থেকে নারীদের সুরক্ষায় ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। নারী ভুক্তভোগীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অপরাধের ধরন এখন অনেকটাই অনলাইনকেন্দ্রিক হয়ে উঠেছে। অপরাধীরা কম পরিশ্রমে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত করছে এবং নারীরা এর বড় ভুক্তভোগী।

পুলিশ কমিশনার জানান, প্রস্তাবিত ‘সাইবার সাপোর্ট ডেস্কে’ নারী পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। ফলে নারী ভুক্তভোগীরা নির্ভয়ে ও নিঃসংকোচে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর কাউন্টার টেরোরিজম ইউনিটের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রামের বড় সামাজিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি। বিশেষ করে কিশোরদের মধ্যে ‘হিরোইজম’ ও ‘ফ্যান্টাসি’ প্রবণতা তাদের অপরাধে জড়িয়ে ফেলছে বলে মন্তব্য করেন তিনি। এ সমস্যা মোকাবিলায় পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন কমিশনার।

সম্প্রতি চকবাজার এলাকায় কলেজছাত্র হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের তথ্যও তুলে ধরেন তিনি। একইসঙ্গে বায়েজিদসহ কয়েকটি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা জোরদারের কথা জানান।

অপরাধ নিয়ন্ত্রণে নগরজুড়ে সিসি ক্যামেরা স্থাপন, ছিনতাইপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং যানজট নিরসনে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদের পরিকল্পনার কথাও বলেন সিএমপি কমিশনার।

ভিডিও