শুক্রবার, ১৯ জুন ২০২৬

টেকনাফে ইটভাটার মাটি খুঁড়ে মিললো বিদেশি পিস্তল-আইস-ইয়াবা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ মে ২০২৬, ০৭:৪৯

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে মাটির খুঁড়ে উদ্ধার করা হয়েছে ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা এবং দুটি বিদেশি অস্ত্র। সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার।

নৌবাহিনী জানায়, সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ইটভাটার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।

এছাড়াও আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়।

নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার বলেন, বিশেষ অভিযানের প্রেক্ষিতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-মাদক উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ হওয়া অস্ত্র-মাদক থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নৌবাহিনীর অভিযান চলমান থাকবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

ভিডিও