শুক্রবার, ১৯ জুন ২০২৬

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ মে ২০২৬, ০৬:০১

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিববার (৩ মে) সকাল ও রাতে পৃথকভাবে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে জেলায় হাম রোগের উপসর্গ নিয়ে ১৩ শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া শিশুরা হলো, কক্সবাজারের রামু উপজেলার মিজানুর রহমান নামে এক ব্যক্তির ৮ মাস বয়সী সন্তান আতিকুর রহমান এবং একই এলাকার জাবেদের ৬ মাস বয়সী সন্তান ওয়াজিফা।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শান্তনু ঘোষ বলেন, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে ৭৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় এবং ৩ মে সকাল ৮টায় তার মৃত্যু হয়। অন্য শিশু আতিকুর রহমানকে ৩ মে ভর্তি করা হয়, সেদিন রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।’

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৫২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৯ জন শিশু। এ সময় চিকিৎসাধীন অবস্থায় ১৩ শিশু মারা গেছে।

ভিডিও