কেন্দ্র ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে পদ বঞ্চিতরা নেতাকর্মীরা। রোববার (০৩ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্রদলের পদ বঞ্চিত নেতা- কর্মীরা শহরের বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা শহরের কাঠালতলীস্থ দলীয় অফিসের সামনে সড়কে অবস্থান নেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করায় শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভরত ছাত্ররা বলেন, ঘোষিত কমিটিতে সভাপতি অলি আহাদ একজন অপহরণকারী, চাঁদাবাজ। তিনি সাজেকে অপহরণ ঘটনায় জড়িত। সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়কের দায়িত্ব পালন করেছিলেন। তিনি জেলা সদরের কেউ নন। এছাড়াও কমিটির বেশিরভাগ নেতা অছাত্র এবং বিবাহিত।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতা পীযুস চাকমা বলেন, কমিটিতে সভাপতি একজন অপহরণকারী। তাকে আমরা মানবো না।
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারন সম্পাদক কমিটি ঘোষণার মধ্যে দিয়ে কলংকিত ইতিহাস রচনা করেছেন। চাঁদাবাজ, অপহরণকারী, অছাত্র, বিবাহিতদের নিয়ে গঠিত কমিটি আমরা মানবো না। ঘোষিত কমিটি বাতিল না করলে সোমবার থেকে হরতাল কর্মসূচি পালন করা হবে।
কমিটি ঘোষণার ব্যাপারে জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড: মামুনুর রশীদ মামুন বলেন, বিক্ষোভরত ছাত্রদল নেতাদের আশ্বস্থ করে তাদের দেওয়া অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার মধ্যে কমিটি পরিবর্তনের ব্যাপারে সিন্ধান্ত গ্রহণ করা হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সাথে কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। গতকাল শনিবার (০২মে) রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নোটিশে ২৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে সহসভাপতি পদে খাইরুল ইসলাম রানা, জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না ও মো. ইসহাক রয়েছেন। কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমরান, মো. শফিকুল ইসলাম, মোক্তার আহমেদ, পারভেজ হোসেন সুমন ও সাজিদ ইমতিয়াজ, প্রচার সম্পাদক আবদুল আহাদ এবং দপ্তর সম্পাদক হিসেবে সানি আহমেদ সানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পূর্বতারা/ইউডি/মঈন উদ্দীন বাপ্পী