বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে তাংতুই ম্রো (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে মোট ৫ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (২ মে) দুপুরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সোলাইমান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তাংতুই ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী ডাকাতি পাড়ার পাচই ম্রোর মেয়ে।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ এপ্রিল হামের উপসর্গ নিয়ে শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ২৮ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে আর্থিক সংকটের কারণে পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর ৩০ এপ্রিল রাতে আবারও প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় শিশুটি। শনিবার সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হাসান জানান, বর্তমানে হাসপাতালে ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। গত এপ্রিল মাস থেকে ২ মে পর্যন্ত মোট ১০৩ জন শিশু একই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সোলাইমান আহম্মেদ বলেন, গত এক মাসে তাদের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ জন শিশু ভর্তি হয়েছিল। এর মধ্যে সাতজন আলীকদমের এবং তিনজন লামা উপজেলার বাসিন্দা। তিনি জানান, মৃত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু পরিবারের পক্ষে তা সম্ভব হয়নি।