চট্টগ্রাম বন্দরে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১০ হাজার ১৬২ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে শুধু নিউমুরি কন্টেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চ ৫ হাজার ৭০৯ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা এ টার্মিনালের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ
আজ শুক্রবার (১ মে) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এই তথ্য নিশ্চিত করেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সমন্বিত ব্যবস্থাপনা এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাই ডক লিমিটেডের দক্ষ পরিচালনার ফলেই এই রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব হয়েছে।
এর আগে চলতি বছরের ১১ এপ্রিল এই এসসিটি টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে পূর্ববর্তী রেকর্ড গড়া হয়েছিল।
মে দিবসকে সামনে রেখে অর্জিত এ সাফল্য বন্দরের বিভিন্ন টার্মিনালে কর্মরত শ্রমিকদের প্রতি উৎসর্গ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা ও দায়িত্বশীলতার ফলেই এ ধরনের অর্জন সম্ভব হচ্ছে।
বন্দর সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নিউমুরিং কনটেইনার টার্মিনালের এই রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি সঞ্চার করবে।
এই অর্জনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, টার্মিনাল অপারেটর এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানানো হয়েছে।