কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে এক লবণ চাষির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া রমিজ উদ্দিন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা এলাকার অছিউর রহমানের ছেলে। তিনি পেশায় লবণ চাষি।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, খবরটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয়রা বলেন, সকাল থেকে কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ সংলগ্ন এলাকার লবণ মাঠে রমিজ উদ্দিনসহ শ্রমিকরা কাজ করছিলেন।
এ সময় বজ্রপাত শুরু হলে তিনি লবণের মাঠ থেকে উঠে আসেন। একপর্যায়ে তিনি মাঝেরঘাট ব্রিজের ওপর পৌঁছালে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এর আঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেন।