,

 

বান্দরবানে কাঠবোঝাই পিকআপ খাদে, প্রাণ গেল চালকের

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : 28 April 2026, 05:16

বান্দরবানের লামা উপজেলা এলাকায় কাঠবোঝাই একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে আব্দুল আজিজ ফুতু (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিরিস্থ বনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ফুতু ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিতারঝিরি এলাকার শাহ আলমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বনপুর এলাকা থেকে কাঠবোঝাই করে একটি পিকআপ গাড়ি ইয়াংছার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঠান্ডাঝিরিস্থ বনপুর সড়কে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুল আজিজ ফুতুর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভিডিও