বুধবার, ১৭ জুন ২০২৬

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে ৯ জন আহত

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:০২

বান্দরবানের শৈলপ্রপাত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী গাড়ি উল্টে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বান্দরবান-চিম্বুক সড়কের শৈলপ্রপাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে ১৭ সদস্যের একটি পর্যটক দল দুটি নোয়াহ গাড়িতে করে বান্দরবানে ভ্রমণে আসেন। পাহাড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে শহরে ফেরার পথে শৈলপ্রপাত এলাকার একটি ঝুঁকিপূর্ণ মোড়ে পেছনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১০ জন যাত্রীর মধ্যে ৯ জনই কমবেশি আহত হন।

আহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— কাঁচপুর এলাকার আলী হায়দার (৪০), সাগর (৩৮), সবুজ (২৭), ইব্রাহিম (৪০), জাকির হোসেন (৫৫), তুহিন (১৬) ও মাহবুব (২৭)।

আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, শৈলপ্রপাত এলাকায় মোড় ঘোরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিডিও