শনিবার, ১৩ জুন ২০২৬

রাঙামাটির ৬৪,৬৩১ শিশু পাবে হাম-রুবেলার টিকা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১২
ফাইল ছবি

রাঙামাটিতে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে।

ডেপুটি সিভিল সার্জন বলেন, দীর্ঘদিন ধরে দেশে টিকাদান কর্মসূচি পরিচালিত হলেও কিছু মহল এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, সর্বশেষ ২০২০ সালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পরিচালিত হয়।

তিনি আরও বলেন, ৯ মাস থেকে ১৫ মাস বয়সী প্রতিটি শিশুকে নিয়মিত টিকাসূচির বাইরে এই অতিরিক্ত ডোজ দেওয়া হবে। তবে অসুস্থ শিশুদের টিকা দেওয়া হবে না।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২০ এপ্রিল থেকে রাঙামাটিতে ১ হাজার ২৭২টি কেন্দ্র ও ৩৫৪টি স্কুলসহ মোট ১ হাজার ৮২৬টি কেন্দ্রে ২১ দিনব্যাপী এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৬৪ হাজার ৬৩১ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

বর্তমানে জেলায় বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ২৩ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনো কোনো রিপোর্ট পাওয়া যায়নি বলে জানানো হয়।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, রাঙামাটিতে এখনো কোনো নিশ্চিত হাম রোগী পাওয়া যায়নি। দেশের অন্যান্য জেলার তুলনায় পরিস্থিতি ভালো হলেও রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে এ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রতীক সেন, ডা. কে. এম. আবদুল্লাহ-আল-মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াসসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

হাম-রুবেলা বিষয়ক কর্মসূচি উপস্থাপন করেন ডা. জয়সেন তঞ্চঙ্গ্যা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমা।

ভিডিও