ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ চট্টগ্রামসহ সাত জেলায় সম্প্রসারণ করা হয়েছে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, চট্টগ্রাম, ঢাকা, চাঁদপুর, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে অন্তর্ভুক্ত হবে।
এ ছাড়া রাজধানীর আরও ১১টি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এর আগে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপ চালু করা হয়। পরে আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশনেও তা চালু করা হয়। এ নিয়ে ঢাকায় মোট ১৮টি পাম্পে অ্যাপটি চালু হলো।
দেশব্যাপী জ্বালানি সরবরাহব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোয় শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে।
প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য উন্মুক্ত এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত মোটরসাইকেলগুলো জ্বালানি নিতে পারবে। সফল পাইলটিং শেষে পর্যায়ক্রমে অ্যাপটি দেশের সব ধরনের যানবাহনের জন্য চালু করা হবে।