কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্য হাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোররাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ধানক্ষেত পাহারা দিতে যান ছাবের আহমদ। ফসল রক্ষার জন্য তিনি আগুন জ্বালিয়ে রাখছিলেন। এ সময় হঠাৎ একটি বন্য হাতি এসে তাকে আক্রমণ করে। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতঘরিয়া পাড়া মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ জানান, রাতের বেলা হাতির বিকট গর্জনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে তিনি মসজিদের পাশেই ছাবের আহমদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, নিহত ব্যক্তি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন, ফলে তার পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারটি আগে থেকেই দারিদ্র্যের মধ্যে বসবাস করছিল। বড় ছেলে মানসিকভাবে অসুস্থ হওয়ায় সংসারের পুরো দায়িত্ব ছাবের আহমদের ওপর ছিল। তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম জানান, বন্য হাতির আক্রমণে নিহতদের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।