পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম নগরে দেড় কিলোমিটারজুড়ে সড়ক আল্পনা অঙ্কনের মাধ্যমে রঙিন উৎসবের আবহ তৈরি হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজনটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে লাভলেইন, কাজীর দেউড়ি হয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত বিস্তৃত হয়।
রবিবার (১২ এপ্রিল) রাত ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই আল্পনা অঙ্কনের উদ্বোধন করেন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নেন। তারা লতাপাতা, ফুল, পাখি ও লোকজ মোটিফের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই আল্পনা শুধু সড়ক রাঙানো নয়, বরং আমাদের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মকে রঙিন ও ঐক্যবদ্ধ করার প্রতীক। তিনি আরও বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে এবং উৎসবের সময় ঐক্যবদ্ধভাবে অংশ নেয়। এই আয়োজন সেই সম্প্রীতিরই প্রতিফলন।
তিনি বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব সম্প্রদায়ের মানুষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে। এ ধরনের আয়োজন সেই সংস্কৃতিগত মেলবন্ধনকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন ও মো. সাইদুজ্জামান পাঠানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসকের একমাত্র সন্তানও উপস্থিত ছিলেন এবং আল্পনা অঙ্কনে অংশগ্রহণ করেন।