বুধবার, ১৭ জুন ২০২৬

রাজস্ব বাড়াতে নতুন পথ খুঁজছে এনবিআর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ে নতুন পথ খুঁজছে। ব্যাংক লেনদেনে কর আরোপ এবং অতিরিক্ত সম্পদশালীদের ওপর কর বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। ব্যাংক লেনদেনে কর আদায় করা যায় কিনা, সে বিষয়ে ইতোমধ্যেই কাজ করছে এনবিআর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউসে প্রাক-বাজেট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘উচ্চ আয়ের ব্যক্তি এবং উত্তরাধিকারের মাধ্যমে প্রাপ্ত সম্পদের ওপর কর বৃদ্ধি এবং ব্যাংক লেনদেনে কর প্রবর্তনের বিষয়টি সরকার বিবেচনা করছে। কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজ করা হবে, যাতে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পায়। সরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে, একা এনবিআরের পক্ষে সরকারের রাজস্ব লক্ষ্য পূরণ সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে কর আদায়ে আরও আধুনিক ও মনোযোগী হতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। ছোট-বড় সরকারি প্রকল্পগুলোকে করের আওতায় আনা হবে।’

চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশনের পাশাপাশি কাস্টমস বন্ডের অপব্যবহার দূর করতে অটোমেশন সিস্টেম চালু করা হচ্ছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে কর ফাঁকি ও ভুয়া অডিট রিপোর্টের পরিমাণ কমবে। অটোমেটিক রিটার্ন ও ভ্যাট প্রদানের মাধ্যমে ট্যাক্স প্রদানকারীরা সহজে রিফান্ড পাবে।’

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায়ও এনবিআর চেয়ারম্যান অংশ নেন।

ভিডিও