রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) তাদের ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় ও মুনাফা অর্জন করেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে সংস্থাটি প্রায় ৮০০ কোটি টাকা আয় করে ৩০৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রামে বিএসসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে জাহাজ ভাড়ায় পরিচালনা করে বৈদেশিক মুদ্রা অর্জনের ফলে বিএসসি লাভজনক অবস্থানে পৌঁছেছে। বর্তমানে সংস্থার বহরে সাতটি জাহাজ রয়েছে, যা সার, ক্রুড অয়েল, প্রোডাক্ট অয়েল ও কেমিক্যালসহ বিভিন্ন পণ্য পরিবহন করছে।
বিএসসির বহর সম্প্রসারণের অংশ হিসেবে নতুন চারটি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার এবং দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। এ লক্ষ্যে চীনের সঙ্গে জি-টু-জি ভিত্তিতে ঋণচুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।
এছাড়া প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৪০ হাজার থেকে ৫৫ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) হবে বলে জানানো হয়। অপর দুটি জাহাজ কেনার প্রক্রিয়াও শিগগিরই শুরু হবে।
এর আগে বিএসসি এমভি বাংলার প্রগতি ও এমভি বাংলার নবযাত্রা নামে দুটি নতুন জাহাজ বহরে যুক্ত করেছে, যা চীনের একটি শিপবিল্ডিং কোম্পানি সরবরাহ করে।
কমডোর মাহমুদুল মালেক বলেন, ধীরে ধীরে বিএসসি তার পুরনো ঐতিহ্যে ফিরে আসছে। পর্যায়ক্রমে বহর বৃদ্ধি করে প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারের রাজস্ব আয়ে ইতিবাচক অবদান রাখবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক অর্থ মো. আজমগীর, নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, মহাব্যবস্থাপক (প্রশাসন) ক্যাপ্টেন মুজিবুর রহমান প্রমুখ।