চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট সেতু সংলগ্ন ফেরিঘাট থেকে একটি ট্রাক নদীতে পড়ে ডুবে গেছে। তবে ট্রাকচালক মো. ওসমান (৩৫) সাঁতরে কূলে উঠে প্রাণে বেঁচে গেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে নদীর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ট্রাকটি ফেরিতে ওঠার জন্য অপেক্ষমাণ ছিল। এ সময় হঠাৎ ব্রেক ফেল করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
চালক মো. ওসমানের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তার পিতা মোজাফফর আহমেদ। বর্তমানে তিনি নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি লোহাগাড়া থেকে পণ্য খালাস করে নগরীর সিএন্ডবি এলাকায় যাওয়ার পথে ফেরিতে উঠার জন্য দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার সময় ট্রাকে অন্য কোনো যাত্রী ছিল না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তুনু বলেন, আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।