বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে বর্ষবরণ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ১০:২৪

চট্টগ্রামে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন এবারও ডিসি হিলে হচ্ছে না। গত বছরের ঘটনার পর এবার বর্ষবরণের অনুষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট আয়োজকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাংলা সন ১৪৩৩ বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতি সভা করে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। সভায় সিদ্ধান্ত হয়, এবার ডিসি হিলের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান আয়োজন করা হবে।

উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটো বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চট্টগ্রামের সকল আন্দোলন সংগ্রামের স্মৃতির স্মারক। শহীদ মিনার আমাদের চেতনার ভরকেন্দ্র। তাই এখানেই আমরা বর্ষবরণের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।

সমন্বয়ক সুচরিত দাশ খোকন বলেন, ১৯৭৮ সাল থেকে ডিসি হিলে আমরা বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করে থাকি। গত বছর আমরা সব আয়োজন করেও অনুষ্ঠান করতে পারিনি। এবার নানা প্রতিবন্ধকতার কারণে সেই স্থানে আয়োজন সম্ভব হচ্ছে না। তাই সর্বসম্মত সিদ্ধান্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চলবে। আয়োজকরা আশা করছেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এতে অংশ নেবে এবং আয়োজনকে সফল করবে।

উল্লেখ্য, গত বছর পহেলা বৈশাখের আগের রাতে হামলা ও মঞ্চ ভাঙচুরের ঘটনায় ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান আর অনুষ্ঠিত হয়নি। ফলে প্রায় পাঁচ দশকের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটে।

ভিডিও