ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। রবিবার (২৯ মার্চ) এক চিঠির মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন। এতে সুপারিশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পদত্যাগ করা দুই শিক্ষক হলেন— মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান এবং উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পারভীন আক্তার। ২০২৪ সালের ২৩ মার্চ তারা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর মধ্যে অধ্যাপক মো. বজলুর রহমান গত ১৮ ফেব্রুয়ারি প্রক্টর কার্যালয়ে অব্যাহতির আবেদন জমা দিলেও তা এতদিন রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়নি। রবিবার পারভীন আক্তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুটি আবেদন একত্র করে প্রক্টর কার্যালয় থেকে রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হয়।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, ‘অধ্যাপক হিসেবে ব্যক্তিগত ও বিভাগীয় নানা দায়িত্ব, গবেষণা কার্যক্রম এবং বিভাগীয় পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালনের কারণে সহকারী প্রক্টরের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছিল না।’ এছাড়া শহরে বসবাসের কারণে দায়িত্ব পালনে আরও জটিলতা তৈরি হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘দুই সহকারী প্রক্টর ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন। বজলুর রহমান ফেব্রুয়ারিতে আবেদন করলেও প্রক্টরিয়াল বডির কাজের চাপের কারণে তা রেজিস্ট্রার কার্যালয়ে পাঠাতে বিলম্ব হয়েছে। পরে দু’জনের আবেদন একসঙ্গে পাঠানো হয়েছে।’