চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ এই উপহার তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ সময় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সাথে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার দিয়ে তার পড়াশুনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা দেন তিনি।
এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসা সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।
উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে–বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদানের কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’।